খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে হত্যা করা হয়। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মৃত মোহাম্মদ শেখের ছেলে।
পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে আব্দুল হালিম কল্পতরু মার্কেটের কাছে একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির সঙ্গে চা পান করেন। পরে মোটরসাইকেলে মুচিপাড়া হয়ে দেয়ানা উত্তরপাড়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে আজিজুরের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার বুকে এবং একটি মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, আব্দুল হালিম চলতি বছরের প্রথম দিকে কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর সহযোগী ছিলেন। টিপুর মতো স্থানীয় এক চরমপন্থি দলের শীর্ষ নেতার সঙ্গে তারও পূর্বশত্রুতা ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আব্দুল হালিমের বুকে তিনটি ও মাথায় একটি গুলি লেগেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
তিনি জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে কারা ও কী কারণে তাকে হত্যা করেছে, তা প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ সময় বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তারও হয়েছে। কয়েক দিন শান্ত থাকার পর মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
















