শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা সোহেল খান। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য পোশাক পরে প্রস্তুতও হয়েছিলেন। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় আকস্মিক অসুস্থ হয়ে মারা যান নাটক ও সিনেমার এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। মঙ্গলবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি প্রার্থনা করেন।
পোস্টে তৌসিফ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা সোহেল খান ভাই আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।’
অভিনেত্রী দীপা খন্দকারও সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
অভিনেতা চঞ্চল চৌধুরীও সহকর্মীকে হারিয়ে পুরোনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘সোহেল ভাই…..!!!! পরলোকে শান্তিতে থাকুন!!! আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভীড় জমাচ্ছে।’
চঞ্চল ও সোহেল খান একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা সোহেল খানের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত স্মরণ করে ফেসবুকে লিখেছেন, ‘এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলতো, সতীর্থকে দেখলেই বলতো ভাই আপনিতো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোন কালেই পান খেতো না, কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল।’
স্মৃতিচারণ করতে গিয়ে ছন্দা আরও লেখেন, ‘আজ সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি, অথচ আজ আর কোনো কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয়শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই, যেন কাজটা করতে করতেই বিদায় নেই পৃথিবী থেকে।’
স্ট্যাটাসের শেষাংশে সোহেল খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘বিদায় সোহেল খান! আপনার আত্মার শান্তি কামনা করছি।’
সোহেল খানের মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও। তার বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে পুরো সাদা পোশাকে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তার পরনে ছিল সাদা শার্ট ও প্যান্ট। হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল।
প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে গেলে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে বের হন সোহেল খান। এ সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। ... প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন ফারুকী।
স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। কালকে হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়ল কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?’
অভিনেতা-নির্মাতা কচি খন্দকারও সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘প্রিয় সোহেল খানের মৃত্যু মেনে নেওয়া কঠিন। সেই ধারাবাহিক “এফডিসি” থেকে সর্বশেষ “আই লাভ মেট্রোরেল”, আমার অসংখ্য নির্মাণে ও অভিনয়ে যুক্ত ছিল সোহেল খান। তার সাথে সম্পর্কটি বন্ধুর, এই তো মাত্র ৫/৬ আগে ফোন দিয়েছিল আবার কবে একসাথে কাজ করব। সেই কাজ আর কোনো দিন হবে না, এটাই রিয়েলিটি। সোহেল খান তোমার স্মৃতিগুলো চিরদিন অম্লান হয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।’
সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, ‘শুটিং স্পটে মারা গেলেন অভিনেতা সোহেল খান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো মানুষ ছিলেন, দেখা হলেই বলত, “দাদা আমার এলাকায় গাইতে হবে কিন্তু আপনাকে”। আর যাওয়া হলো না। সোহেল ভাই, ভালো থাকবেন পরপারে।’
অভিনেত্রী মৌসুমী নাগ সোহেল খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে লেখেন, ‘শান্তিতে ঘুমান।’
এ ছাড়া চিত্রনায়ক শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার, অভিনেতা মুকিত জাকারিয়াসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
পরিচালক মো. ইকবাল জানান, সোহেল খানের মৃত্যুর পর ‘নসিব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
ধামরাইয়ের রাজাপুরের সন্তান সোহেল খান প্রায় দুই যুগ আগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। এরপর টিভি নাটকে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন তিনি। ফারুকীর ব্যাঙ্গাত্মক-রাজনৈতিক ঘরানার ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।
পরবর্তীতে ‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’, ‘বিয়ের দাওয়াত রইলো’, ‘টু বি কন্টিনিউড’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন তিনি।
২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সোহেল খানের। এরপর অভিনয় করেন ‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘বীর’সহ বিভিন্ন চলচ্চিত্রে।
অভিনয়জীবনে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে কাজ করা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকাহত সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্মৃতিচারণে উঠে আসছে তার অভিনয়, ব্যক্তিত্ব ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

















