গাজীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০২:৩৮ পিএম
গাজীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে এবং শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব বিস্ফোরণ ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাঁর বাসভবনের সামনের পুকুরের দক্ষিণ পাড়ে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


এর আগে রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর ওপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে মহাসড়কে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


ইয়াকুব আলী সুপার মার্কেটের ব্যবসায়ী ফয়সাল মিয়া বলেন, “উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে মহাসড়কে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সড়কে থাকা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করেন।”


খবর পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও মোশারফ হোসেন মাওনা চৌরাস্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।


অন্যদিকে, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান উড়াল সেতুর ওপর থেকে মহাসড়কে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

Link copied!