ভারতে ‘খুন হওয়া’ সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:৪৪ পিএম
ভারতে ‘খুন হওয়া’ সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তাঁর মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় বসবাস করতেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে কলকাতায় তাঁর বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস সাধারণ ডায়েরি (জিডি) করলে দুই দেশে তদন্ত শুরু হয়।

তদন্ত শেষে পুলিশ জানায়, কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে। পরে ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় মামলার পাশাপাশি ডরিনও ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সে সময় বাবার হত্যার বিচার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে তাঁকে নিয়মিত যোগাযোগ করতে দেখা যেত।

ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমানসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তৎকালীন ডিবি কর্মকর্তারা জানিয়েছিলেন, আনারের বাল্যবন্ধু যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়া তা বাস্তবায়ন করেন।

তবে চব্বিশের গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মামলাটির তদন্ত কার্যক্রমে ভাটা পড়ে এবং একে একে সব আসামি জামিনে মুক্তি পান। সবশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান মামলার অন্যতম প্রধান আসামি শিমুল ভুঁইয়া।
 

Link copied!