ব্যর্থতার গল্পটা কেবল দীর্ঘই হচ্ছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও দলের প্রাপ্তির খাতাটা শূন্যই থেকে গেল। একের পর এক ব্যর্থতার ঘেরাটোপে আটকে থাকায় অন্যদের মতো নাজমুল হোসেন শান্তরও মন খারাপ। তবে এটাকে ক্রিকেটের অংশ বলেই মনে করছেন তিনি।
জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ বাঁচাতে সেঞ্চুরিয়নে জিততেই হতো বাংলাদেশকে। তবে জয় তো দূরে থাক, এ যাত্রায় সফরকারীরা ন্যূনতম লড়াইও করতে পারেনি। আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানে হেরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
হারের পর সংবাদ সম্মেলনে এসে নিজেদের দুর্দশার কারণ ব্যাখ্যা করেছেন শান্ত। ওয়ান্ডারার্সে হারের পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানো কতটা কঠিন ছিল, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘অবশ্যই কঠিন, তবে ক্রিকেটে এমনটা হতে পারে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নামা উচিত ছিল। কিন্তু আমরা, যেমনটা বলেছি, ভালো শুরু করতে পারিনি। এমনকি বোলিংও ভালো হয়নি। এ কারণেই আমরা ম্যাচটি হেরেছি।
বাংলাদেশের হারের মূল কারণ ব্যাটারদের ব্যর্থতা। প্রথম ইনিংসের ৯১ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে থামেন অতিথিরা। যেখানে ৪৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হতাশাজনক ব্যাটিংয়ের কারণে আর ব্যাটিংয়ে নামতে হয়নি তাদের।
কন্ডিশন কঠিন হলেও তাই ব্যাটারদের ঘাড়েই দায় চাপালেন শান্ত, ‘আমরা জানতাম কন্ডিশন এমন হবে। তবে ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।
টেস্ট সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে উন্নতির তাগিদ শান্তর কণ্ঠে, ‘আমার মনে হয়, কিছু ইতিবাচক দিকও ছিল। মাত্র চার-পাঁচটি টেস্ট খেলার পর হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, তা সত্যিই ভালো লাগার মতো। তবে উন্নতির অনেক জায়গা রয়েছে। ক্যাচিংয়ে উন্নতি করতে হবে, এমনকি টপঅর্ডার ব্যাটার হিসেবে ইনিংসের শুরুটাও ভালো করতে হবে। আমাদের উন্নতির আরও অনেক জায়গা আছে।



















