ক্ষমতায় থাকতে মরিয়া নেতানিয়াহু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০২:৪৬ পিএম
ক্ষমতায় থাকতে মরিয়া নেতানিয়াহু

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছেন। জবাবে নেতানিয়াহু এ প্রস্তাবে কতটা আন্তরিক, তা যাচাই করতে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন আইজেনকট।


শনিবার এক বিবৃতিতে আইজেনকট বলেছেন, ‘লিকুদ যদি সত্যিকারের ঐক্য সরকার গঠনে আগ্রহী থাকে, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করতে আমি প্রস্তুত।’ তিনি শনিবার রাতেই নেতানিয়াহুকে আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।


তার ভাষ্য, সরকারের মৌলিক নীতিমালা ও নীতিগত বিষয় নিয়ে প্রকৃত ও দ্রুত আলোচনা হওয়া প্রয়োজন। এ বিষয়ে রবিবার নেতানিয়াহুর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তিনি এখনো সেটির জবাব দেননি।


এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু জানিয়েছেন, জাতীয় ঐক্য সরকার গঠনের অংশ হিসেবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের চুক্তিতে প্রথমে আইজেনকটকে দায়িত্ব দিতে তিনি রাজি আছেন।
নেতানিয়াহু বলেছেন, পার্লামেন্টে লিকুদের আসন ইয়াশারের চেয়ে বেশি হওয়ায় স্বাভাবিকভাবে তারই ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়ার কথা। তবে এবার তিনি সেই নীতি থেকে সরে আসতে প্রস্তুত।


নেতানিয়াহু লিখেছেন, ‘অস্তিত্বের জন্য হুমকির ভয়াবহতা এবং তা মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠনের আশঙ্কার কারণে নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু পাশে সরিয়ে রাখা। এর মধ্যে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতৃত্ব দেওয়ার নীতিও রয়েছে। আমি রাজি আছি, গাদি আইজেনকট মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর আমি থাকব বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।’


গত শুক্রবার আইজেনকট প্রতিশ্রুতি দিয়েছেন, ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই তিনি ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ঘোষণা দেবেন। এ জন্য অতিরিক্ত ১৪ দিন সময় নেওয়ার সুযোগও ব্যবহার করবেন না বলে জানিয়েছেন তিনি।


এর আগে জোট গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছিলেন আইজেনকট। তার অভিযোগ, নতুন নির্বাচন আয়োজনের পথ তৈরি করতেই এমনটি করছেন নেতানিয়াহু। তবে এখন পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট গড়তে হিমশিম খাচ্ছেন আইজেনকট।


দখলকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে আলজাজিরার প্রতিবেদক নূর ওদেহ জানিয়েছেন, নেতানিয়াহুর আন্তরিকতা যাচাই করতেই দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছেন আইজেনকট। তার ভাষ্য, ‘অনেকের ধারণা, নেতানিয়াহু সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান, নাকি শুধু সময়ক্ষেপণ করছেন—তা যাচাই করতেই আইজেনকট এই আহ্বান জানিয়েছেন।’


গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী এবং অতি-ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে আইজেনকট ও তার সম্ভাব্য মিত্ররা পেয়েছেন ৪৮টি আসন।


নেতানিয়াহুর এই প্রস্তাবের মধ্য দিয়ে তার ওপর তৈরি হওয়া চাপের বিষয়টি স্পষ্ট হয়েছে। কারণ, সম্ভাব্য জোটসঙ্গীদের সমর্থন পেয়ে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন আইজেনকট।
তবে নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডেমোক্র্যাটস গোষ্ঠীর নেতা ইয়ার গোলান। তিনি প্রকাশ্যেই নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিরোধিতা করে আসছেন।


এক্সে দেওয়া এক পোস্টে গোলান লিখেছেন, ‘কৌশল ও প্রতারণার খেলা যথেষ্ট হয়েছে। নেতানিয়াহু হেরে গেছেন। ভোটারদের রায়কে সম্মান জানিয়ে পরিবর্তন ও পুনরুদ্ধারের সরকার গঠন করাই আমাদের দায়িত্ব।’


আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও বলেছেন, সরকার পরিবর্তনের উদ্যোগ ঠেকানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।


তিনি লিখেছেন, ‘গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতা সিদ্ধান্ত নিয়েছে—রক্তে রঞ্জিত ও দায়িত্ব পালনে ব্যর্থ এই সরকারের বিদায় নিতে হবে। ইহুদি ও আরব—সব মানুষের সম্মিলিত ইচ্ছা বাস্তবায়ন এবং এই সপ্তাহেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।’


সূত্র : আলজাজিরা 

Link copied!