বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তি-সামর্থ্যে নিউগিনি বা পিএনজির চেয়ে বহুদূর এগিয়ে মাহমুদউল্লাহর দল। তবে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্ব বা সুপর-১২-এ যাওয়া একটু কঠিনই করে ফেলেছে বাংলাদেশ।
গ্রুপে-বি-র পয়েন্ট তালিকার তিনে আছে বাংলাদেশ। অথচ পরের পর্বে যেতে তাকতে হবে শীর্ষ দুইয়ে। আর শীর্ষ দুই থাকতে হলে পিএনজির বিপক্ষে জয়ের পাশাপাশি কিছু সমীকরণও মেলাতে হবে টাইগারদের। তার আগে পয়েন্ট টেবিলের অবস্থাটা একটু দেখা যাক।
১। স্কটল্যান্ড: পয়েন্ট : ৪, রানরেট : ০.৫৭৫
২। ওমান : পয়েন্ট : ২, রানরেট : ০.৬১৩
৩। বাংলাদেশ : পয়েন্ট : ২, রানরেট : ০.৫০
৪। পিএনজি : পয়েন্ট : ০, রানরেট : (-)১.৮৬৭
যেভাবে মূল পর্বে যাবে বাংলাদেশ
আজ যদি বাংলাদেশ পিএনজিকে হারায় এবং স্কটল্যান্ডও যদি ওমানের বিপক্ষে জয় পায় তবে শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ ও স্কটিশরা খেলবে মূল পর্ব বা সুপার টুয়েলভে।
তবে ওমান যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় আর বাংলাদেশ যদি পিএনজিকে হারায় তাহলে তিন দলের পয়েন্ট থাকবে চার। তবে রানরেটে পিছিয়ে যাওয়ায় স্কটল্যান্ড বিদায় নেবে বাছাইপর্ব থেকেই। সে ক্ষেত্রে রানরেটের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাংলাদেশ।
যদি বাংলাদেশ পিএনজির কাছে হেরে বসে তারপরও তাদের সামনে মূল পর্বে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে বাংলাদেশের প্রার্থনা করতে হবে যেন ওমান স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে।
আবার বাংলাদেশ যদি পিএনজির বিপক্ষে অন্তত ৩ রানের জয় পায় তবে আর কোনো সমীকরণের দিকেই তাকাতে হবে না মাহমুদউল্লাহর দলকে।





































