প্রবাসী বাংলাদেশিরাও মেতেছে আকাশি-সাদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:২০ এএম
প্রবাসী বাংলাদেশিরাও মেতেছে আকাশি-সাদায়

আমেরিকায়ও ছোট্ট একটা বাংলাদেশ আছে। দেশে যে আর্জেন্টিনার হাওয়া বইছে, সেটা এখানেও বহমান একইভাবে। মেসির হাতে টানা দ্বিতীয় শিরোপা দেখতে চায় তারা। তাদের সঙ্গে কথা বললে মনে হবে, বিশ্বকাপটা ৪৮ দলের নয়, শুধুই আর্জেন্টিনার।

বাংলাদেশীদের মধ্যে এমন বাড়াবাড়ি রকমের আর্জেন্টিনা-প্রীতি দারুন এক গবেষণার বিষয়ও হতে পারে। যেমন ব্রুকলিন প্রবাসী সাহিল মির্জা মনে করেন, আকাশি-সাদার সমর্থন তার রক্তে, ‘বাংলাদেশি হিসেবে আমাদের রক্তে মিশে আছে আর্জেন্টিনার সমর্থন। নিউইয়র্কের কর্মব্যস্ত জীবনের মাঝেও আমরা কাজ বাদ দিয়ে খেলা দেখছি, লিওনেল মেসির প্রতিটি ড্রিবলিংয়ে চিৎকার করছি। এবার স্কালোনির চাল আর মেসির ম্যাজিক আমাদের আবারও চ্যাম্পিয়ন করবে।’

মেসি প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে যেভাবে শুরু করেছেন তাতে সমর্থকরা আশাবাদী হতেই পারেই। তবে আজ প্রথম ইউরোপিয় প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, স্বাভাবিকভাবে ইউরোপিয় কোচের সঙ্গে ট্যাকটিক্যাল লড়াইয়েও জিততে হবে।

লিওনেল স্কালোনিও তৈরি হচ্ছেন এই ম্যাচের জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে দলের কৌশল নিয়ে কাজ করছেন। অনুশীলনে অধিনায়ক লিওনেল মেসির পাসিং ও ফর্ম ইঙ্গিত দিচ্ছে যে স্কালোনি তৈরি আছেন নিজের পরিকল্পনা নিয়ে। তবে প্রতিপক্ষ চাইবে মেসির সঙ্গে তার মাঝমাঠের সম্পর্কের সুতোটা কেটে দিতে। তা আর্জেন্টাইন কোচও বুঝতে পারেন, তখন তার পরিকল্পনাটা কী হবে সেটা নিয়ে কাজ করেছেন অনুশীলন মাঠে।

তার একাদশে খুব বেশি পরিবর্তন আসছে না। ফরোয়ার্ড লাইনে চোট কাটিয়ে ফিরতে পারেন হুলিয়ান আলভারেস, সঙ্গে ফিরছেন মোলিনাও। স্কালোনির অধীনে মেসির সঙ্গে আলভারেসের রসয়ানটাই ভালো জমে। তাই আর্জেন্টাইন ‘জাদুকর’ কোনো কারণে নিস্প্রভ হলে এই দলের বড় অস্ত্র হয়ে উঠবেন অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড।

অনেকের ধারনা, আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার চেয়ে ভালো লড়াই করবে অস্ট্রিয়া। এটা দেখতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশ কমিউনিটি তৈরি হচ্ছে। ব্রুকলিন বা জ্যাকসন হাইটসের ক্যাফে ও রেস্টুরেন্টগুলো হয়ে উঠছে মিনি বুয়েনেস এইরেস। প্রবাসী রাসেল আহমেদের মন পড়ে আছে টেক্সাসে, ‘এখানে কাজ করছি, কিন্তু আমার মনটা পড়ে আছে টেক্সাসে। আমার বিশ্বাস স্কালোনির কৌশলের কাছে পাত্তাই পাবে না অস্ট্রিয়া। মেসি এবারও আমাদের কাপ উপহার দেবেন।’   

এই উন্মাদনা প্রমাণ করে, বাংলাদেশি দেশে বা বিদেশে থাকলেও তার সমর্থনের জায়গা খুব বদলায়নি। মেসির দলের পেছনেই আছে তারা। 

Link copied!