দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:০৮ পিএম
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আগামীর সময়রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মোয়াজ্জেম জানান, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয় খান পরিবহনের একটি নৈশকোচ। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।

মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Link copied!