টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে যাবে—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ভারত ম্যাচ খেলবে কি না—এ নিয়ে তাদের পক্ষ থেকে কখনোই কোনো না বলার সিদ্ধান্ত আসেনি। এর আগে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, ভারত নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কায় যাবে। সূর্যকুমারের বক্তব্যে সেই তথ্যই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের অন্যতম আলোচিত ম্যাচ—ভারত–পাকিস্তান—খেলার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে। তবে গত রোববার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
এই সংকটের সূত্রপাত বাংলাদেশকে কেন্দ্র করে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানায়। পরবর্তী সময়ে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার প্রতিক্রিয়াস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
এ প্রসঙ্গে গত বুধবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।’
এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সূর্যকুমার যাদব বলেন,
‘আমাদের মানসিকতা খুব পরিষ্কার। আমরা কখনো বলিনি যে খেলব না। এই সিদ্ধান্ত এসেছে অন্য দিক থেকে। আইসিসি অফিসিয়াল সূচি প্রকাশ করেছে। বিসিসিআই ও ভারত সরকার আইসিসির সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ভেন্যু ঠিক করেছে। আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে। তাই আমরা সেখানে যাচ্ছি।’
এদিকে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগাও শ্রীলঙ্কায় সাংবাদিকদের বলেন,
‘ভারতের বিপক্ষে ম্যাচ খেলা বা না খেলা আমাদের হাতে নেই। এটি সরকারের সিদ্ধান্ত, এবং আমরা সেটাকে সম্মান করি। সরকার যা নির্দেশ দেবে, আমরা সেটাই অনুসরণ করব। আমাদের সামনে আরও তিনটি ম্যাচ আছে—সেগুলো নিয়েই এখন আমরা বেশি মনোযোগী।’






































