অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ‍‍`ভূমিকম্প‍‍` জিম্বাবুয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:২৯ পিএম
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ‍‍`ভূমিকম্প‍‍` জিম্বাবুয়ের

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভূমিকম্প ঘটে গেল কলম্বোয়। ক্রিকেটের রিখটার স্কেলে কম্পনের এই মাত্রার নাম 'অঘটন'। আর সেটা ঘটাল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে জিম্বাবুয়ে যেন বুঝিয়ে দিল টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শক্তিতে ছোট হলেও তারা এখনো ফুরিয়ে যাওয়ার নয়।

প্রেমাদাসার গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের জন্য আজীবন মনে রাখার মতো এক স্মৃতি উপহার দিল সিকান্দার রাজার দল। একটু বয়স্ক সমর্থকদের জন্য অবশ্য এমন স্মৃতি নতুন নাও মনে হতে পারে। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপেও কেপ টাউনে ৫ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই জয়ের পর আজ এই সংস্করণের বিশ্বকাপে দ্বিতীয় মুখোমুখিতেও ফল পাল্টাল না। ব্রেন্ডন টেলর নিশ্চয়ই এই জয় উপভোগ করেছেন রন্ধ্রে রন্ধ্রে।

টেলরের স্মৃতি ও বেনেটের দুর্দান্ত ইনিংস
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় টেলরের বিশ্বকাপ শেষ। ১৯ বছর আগের সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোয় ৬০ রানের দারুণ ইনিংস খেলেছিলেন টেলর। আজ মাঠের বাইরে থেকে টেলর হয়তো দেখেছেন, তার ভূমিকায় ছিলেন জিম্বাবুয়ের একসঙ্গে কয়েকজন।

আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ তোলা জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং রাজার অপরাজিত ১৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পেয়ে যায় তারা।

অস্ট্রেলিয়ার ব্যর্থতা
বোলিংয়ে জিম্বাবুয়ে যতটা ভালো করেছে, তার চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতাই চোখে বিঁধেছে বেশি। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

 

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৯/২। অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৪৬। ফল: জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী।

Link copied!