তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৪৮ পিএম
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এক বিবৃতিতে তিনি বলেন, 'এই বিজয় গণতন্ত্রের বিজয়। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছে।' জনগণের এই রায় দেশটির গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আনোয়ার ইব্রাহিম জানান, এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা তার প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে মালয়েশিয়ার কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আনোয়ার ইব্রাহিম বলেন, 'দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি ও শক্তি দিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।' একই সঙ্গে তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Link copied!