সংসদ ও গণভোট: ফল একত্রীকরণ কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১২ পিএম
সংসদ ও গণভোট: ফল একত্রীকরণ কীভাবে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় এবার দুটি করে ব্যালট পেপারে ভোট দেবেন দেশের পৌনে ১৩ কোটি ভোটার। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের আড়াই লাখ ভোটকক্ষে জমা পড়া সেই বিপুল পরিমাণ ব্যালট গুনতে কত সময় লাগবে এবং ফল একত্রীকরণই বা কীভাবে হবে, সেই প্রশ্ন সামনে এসেছে।

নির্বাচন কমিশন বলেছে, এবার প্রার্থীর পাশাপাশি গণভোটের ফল ঘোষণা করা হবে। তবে কেন্দ্রভিত্তিক ভোট গণনা ও ফল বিবরণী তৈরি হবে আলাদা। দ্বিগুণ ব্যালট হওয়ায় এবার ভোট গণনা ও ফল ঘোষণায় বেশি সময় লাগার আভাস আগেই দিয়ে রেখেছে ইসি।

ভোটকেন্দ্রেই গণনা ও প্রকাশ
ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রিজাইডিং অফিসারকে ভোটকেন্দ্রে উপস্থিত প্রার্থী, নির্বাচনি অথবা পোলিং এজেন্ট, পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীর সামনে ভোট গণনা শেষ করতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্রের বাইরে গণনা করা যাবে না। ভোট গণনার বিবরণী কেন্দ্রের নোটিস বোর্ড বা দেয়ালে বা বেড়ায় টানিয়ে প্রকাশ করতে হবে।

ভোট গণনা শেষে ব্যবহৃত ব্যালট প্যাকেট, গণনার বিবরণী, ব্যালট হিসাব এবং অন্যান্য নির্বাচনি কাগজপত্র আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

প্রতি আসনে ফল একত্রীকরণ ও ঘোষণা
প্রিজাইডিং অফিসারের পাঠানো সাধারণ ভোটকেন্দ্রের ফল বিবরণী (ফরম-১৬) এবং পোস্টাল ব্যালটের (দেশের ও বিদেশের) ফল বিবরণী (ফরম-১৬ক) একসাথে যোগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফল প্রস্তুত হবে। ফল একত্রীকরণের আগে রিটার্নিং অফিসার প্রয়োজন মনে করলে প্রিজাইডিং অফিসার যেসব ব্যালট পেপার বাতিল করেছেন, তা পরীক্ষা করতে পারেন।

নির্বাচনের ফল নির্ধারণের পর অবশ্যই ইসি সচিবালয়ে একীভূত ফল বিবরণীসহ একটি রিটার্ন পৌঁছানোর ব্যবস্থা নেবেন রিটার্নিং অফিসার। একই সঙ্গে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত প্রার্থীর নাম প্রকাশ করতে হবে।

প্রাথমিক বেসরকারি ফল
ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ে প্রাথমিক বেসরকারি ফল সংগ্রহ করা হয়। রিটার্নিং অফিসারের কাছ থেকে ফল সংগ্রহ করতেই কেন্দ্রীয়ভাবে 'নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র' স্থাপন করা হবে।

একইভাবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে একটি 'নির্বাচনি ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র' থাকবে। ভোটের দিন সকাল থেকে ইসি সচিবালয়ে ফল না পৌঁছানো পর্যন্ত এটা খোলা থাকবে। এখান থেকে ভোটকেন্দ্রের পরিবেশ পরিস্থিতি ও ফল কমিশনে জানানো হবে।

ভোট গণনায় সময়
ইসি সচিব আখতার আহমেদ বলেন, "ভোটগণনার ক্ষেত্রে এবার একটু সময় বেশি লাগবে। এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।"

১৯৭৭ সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় ৩০ ঘণ্টা সময় লেগেছিল। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হচ্ছে এবং ভোটার বেড়ে হয়েছে ১৩ কোটি। অবশ্য নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ফল ভোটের দিন রাতেই অথবা পরদিন প্রকাশ করা সম্ভব হতে পারে।

নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচন শেষে সব নির্বাচনি কাগজপত্র সরকারি কোষাগারে (ট্রেজারিতে ডাবল লকে) সংরক্ষণ করতে হবে। সর্বোচ্চ নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। সাধারণত রিটার্নিং অফিসার আসনভিত্তিক একীভূত প্রাথমিক ফল ঘোষণা করেন এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় থেকেও তা ঘোষণা হয়।

Link copied!