আগামীকাল সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনের ঠিক আগের দিন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রচারের সময় বড় ধরনের সহিংসতা হয়নি, এবং ভোটের দিনও পরিস্থিতি শান্ত থাকবে বলে তিনি আশা করছেন।
তিনি বলেন, “বিএনপি ও জামায়াত দুটো দলই সংযম দেখাচ্ছে। আগের নির্বাচনগুলোর মতো পরিস্থিতির অবনতি হয়নি। আশা করছি, ভোটের দিনও পরিবেশ ভালোই থাকবে।”
নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন থাকলেও ফখরুল বলেন, এখন পর্যন্ত তিনি নেতিবাচক কিছু দেখেননি। তার ভাষায়,
“ইসির ভূমিকা এখন পর্যন্ত ভালোই দেখেছি। আমার এলাকায় প্রশাসনও ঠিকঠাক কাজ করছে।”
ভোটকে ঘিরে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন,
“এখন পর্যন্ত তেমন কিছু মনে হয়নি। কোনো সমস্যা দেখছি না।”
এবারের নির্বাচনে বিএনপি একাত্তরের বিরোধিতা ও জামায়াতের ভূমিকা ইস্যু করেছে, আর জামায়াত চাঁদাবাজির অভিযোগ তুলেছে। কোন ইস্যুটি মানুষ গ্রহণ করছে—এ প্রশ্নে তিনি বলেন,
“এটা নির্বাচনেই বোঝা যাবে। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে থাকবে।”
ধর্মের অপব্যবহার নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
“কিছুটা হয়েছে, বিশেষ করে ধর্মভীরু নারীদের মধ্যে। তবে সাধারণভাবে ব্যাপারটা খুব বড় আকারে হয়নি। জামায়াত যেটা করে, সেটা ধর্ম নয়—সেটা রাজনীতি।”
মাঠের প্রচারে তিনি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে বলেন,
“আমার এখানে কোনো দিনই অবস্থা খারাপ ছিল না। জামায়াত ও মিডিয়া এটা নিয়ে ভুল ধারণা তৈরি করেছিল।”
সুস্থ নির্বাচন হলে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নে তিনি সোজাসাপটা বলেন,
“একশ বার। না মানার কোনো কারণ নেই।”

































