ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ — দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম–ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ইসলামী বিভিন্ন ঘরানার নেতাদের বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম–ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।”
তিনি বলেন, আলেম–ওলামাদের স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করতে সহায়তা করবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, “আমি আবারও সম্মানিত আলেম–ওলামাদের ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও ইসলামি মূল্যবোধের আলোকে দল–মত–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করি।”






























