ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘পাশা’ (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) নামে একটি দেশি সংস্থাকে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সংস্থাটি ‘নামসর্বস্ব’ বলে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রতিবেদন ছেপেছে দৈনিক প্রথম আলো। ‘এক ব্যক্তি নির্ভর’ এ সংস্থাটি একাই ১০ হাজারের বেশি পর্যবেক্ষক দেবে- এমন তথ্য তুলে ধরে সেই প্রতিবেদনে বলা হয়, সৈয়দ হুমায়ুন কবীর নামে এক ব্যক্তিই ‘পাশা’র সবকিছু। লোকবল বলতে কেবল তিনিই। নিজের বাড়ির এক কক্ষ বানিয়েছেন কার্যালয়।
এমন সংস্থার ১০ হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগের খবর নিয়ে আলোচনার মধ্যে ইসি কার্ড বিতরণ স্থগিত করেছে বলে শনিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আজাদ মজুমদার বলেন, আজকের বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ বিষয়ে ((পাশা) অবহিত করে বলেন, সংবাদমাধ্যমে দেখা গেছে পাশা নামে একটি এনজিও দাবি করেছে যে তারা ১০ হাজার নির্বাচনি পর্যবেক্ষক নিয়োগ দেবে। বিষয়টি জানার পর নির্বাচন কমিশন তাদের সম্পর্কে খোঁজখবর নেয়। যাচাইবাছাই করে তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আপাতত তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে।
তবে এখন পর্যন্ত ওই এনজিওটির কোনো ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা না পাওয়ার’ তথ্য দিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে।



































