‘জামায়াতের এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ভারত’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:২৫ পিএম
‘জামায়াতের এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ভারত’

জামায়াতে ইসলামীর এক পাল্লায় ‘গোপনে’আমেরিকা, আরেক পাল্লায় ভারত আছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

চরমোনাই পীর বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক! আহ্ এ কোন ইনসাফ? এখনতো দেখি দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা আর পাল্লায় গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে ইসলামী আন্দোলনের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। পটুয়াখালী-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন আব্দুল মালেক আনোয়ারী।

বিএনপি ও জামায়াতের কেউ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলেনি জানিয়ে রেজাউল করীম বলেন, তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তবে আমরা বলেছি, ইসলামী আন্দোলন যদি বিজয়ী হয়, তাহলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব।

ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চরমোনাই পীর বলেছেন, ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এ আইনের কারণেই আমাদের দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এদের পরিচালনায় দেশের ভেতরে হাজার হাজার মায়ের সন্তান কোলহারা হয়েছে। এ আইনের কারণেই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। এ আইনের কারণেই অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে।

ইসলামী আন্দোলন উন্নয়নের ফুলঝুড়ি দেখাবে না জানিয়ে রেজাউল করীম বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।

হাতপাখা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোটও পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে। তাই নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখায় ভোট দেওয়া আহ্বান জানান চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে সভায় দলটির কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা কমিটির সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলা কমিটির সদস্যসচিব আবুল হোসেন হাওলাদার এবং নুরুল আমিন বক্তব্য দেন।

এর আগে জেলা শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নির্বাচনি জনসভায় পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল হাসান বোখারীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!