ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জারদারি বিএনপির ভূমিধস জয় এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি গণতান্ত্রিক অংশীদারত্ব এবং ভবিষ্যতে উভয় দেশের যৌথ অগ্রগতির প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
একই মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার লিখেছেন, 'সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে আমি অভিনন্দন জানাই।' তিনি আরও জানান, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে বিএনপি। এবারই প্রথম দলটির নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান এবং নিজেও প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।






























