চীনের প্রত্যাশা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:০১ পিএম
চীনের প্রত্যাশা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভূমিধস বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন। ঢাকাস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারের সঙ্গে বেইজিং একসঙ্গে কাজ করতে আগ্রহী।

চীনা দূতাবাস তাদের যাচাইকৃত ফেসবুক পেজে লিখেছে, সুষ্ঠু ও সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। নির্বাচনে এগিয়ে থাকায় বিএনপিকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, 'আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা করছি।'

ভারত-পাকিস্তানের অভিনন্দন
বিএনপির জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সরকার প্রধানরাও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নির্মাণে ভারত পাশে থাকবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, 'পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।' দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তিনি।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি
প্রায় দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান এবং নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

Link copied!