পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট পিটিশন দাখিল করেছেন।
রিট আবেদনে পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে আইন লঙ্ঘনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, পদ্মা নদী বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি এবং প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
একই সঙ্গে পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা রক্ষায় বৈজ্ঞানিক মূল্যায়ন ও কার্যকর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।












