অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় আসা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার কিছুক্ষণ পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইশরাক।
ইশরাক হোসেন বলেছেন, ‘আজকের দিন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। আমি এই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছি। তিনি এতে সম্মতি দিয়েছেন।’
এর আগে এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘দুপুরে পদত্যাগ করবেন’ বলে জানান।
গতকাল রবিবার সাভারে নির্ধারিত কর্মসূচি শেষ করে সচিবালয়ে এসেই ইশরাককে ডাকেন প্রধানমন্ত্রী। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার উপস্থিতির বিষয়ে জানতে চান তিনি।
সন্ধ্যার পর খবর ছড়িয়ে পড়ে, ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তখন এ খবরকে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিলেন ইশরাক।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাকের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
মাদক নির্মূলে তার উদ্যোগকে কেউ কেউ ইতিবাচকভাবে দেখলেও অস্ত্র প্রদর্শন, পুলিশের সঙ্গে সমন্বয় এবং আইন প্রয়োগে জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরার দাবি করেছিলেন ইশরাক। তার এমন পদক্ষেপে তীব্র আলোচনা-সমালোচনা শুরু করলে ঘটনাটি তদন্ত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রতিমন্ত্রী থেকে ইশরাকের পদত্যাগের আলোচনার আগে বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদ ছাড়তে হয়েছিল।
গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজনের নাম সামনে আসে। ঘটনা নিয়ে সরকার ও দলের ভেতরে অস্বস্তি তৈরি হয়। মিষ্টির রাজনৈতিক দায় নিয়েও প্রশ্ন ওঠে। যদিও তিনি হামলা-ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।















