সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০১:০৬ পিএম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে লিখেছেন, ভোর ৫টার দিকে মগবাজার বিশাল সেন্টার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

আসিফ আকবর নিরাপদ রয়েছেন বলেও জানান তিনি।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান আগামীর সময়কে বলেছেন, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। আর কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হামলার পেছনে তার ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Link copied!