জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৩:১৫ পিএম
জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ সোমবার সকাল ১১টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে এ তথ্য। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতমুখী সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী তারা। সাম্প্রতিক দুদেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিরোধীদলীয় নেতাকে নলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন পাকিস্তান হাইকমিশনার। এ ছাড়াও বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে আরও জানানো হয়, বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


 

Link copied!