ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। অনেকেই ভিড় এড়াতে সকালেই কেন্দ্রে পৌঁছাচ্ছেন; তবে অনেক স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। টানা দাঁড়িয়ে থাকা, গরম পরিবেশ, ভিড় ও মানসিক চাপের কারণে অনেকের মাথা ঘোরা, বমিভাব, দুর্বলতা বা অজ্ঞান হওয়ার মতো সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে জরুরি করণীয়গুলো জেনে নিন
তাৎক্ষণিক করণীয়
১. ভিড় থেকে বেরিয়ে খোলা জায়গায় যান
যদি অসুস্থ লাগতে শুরু করে, দ্রুত ভিড়ের বাইরে বাতাস চলাচল করে এমন জায়গায় চলে যান। কেন্দ্রের বাইরে বা দেয়ালের পাশে ফাঁকা জায়গা বেছে নিন।
২. বসে পড়ুন বা শুয়ে পা উঁচু করুন
মাথা ঘোরা শুরু হলে সঙ্গে সঙ্গে বসে পড়ুন। সম্ভব হলে শুয়ে পা কিছুটা উঁচু করে রাখুন— এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে এবং অজ্ঞান হওয়ার ঝুঁকি কমে।
৩. আঁটসাঁট পোশাক ঢিলা করুন
গলা, বুক বা কোমরের টাইট পোশাক খুলে বা ঢিলা করে নিন। এতে শ্বাস নেওয়া সহজ হয়।
৪. ঠান্ডা পরিবেশে যান
ফ্যান, খোলা জানালা বা এসির পাশে দাঁড়ান। গরমে সমস্যা হলে ঘাড়ের পেছনে ঠান্ডা পানি বা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন।
উপসর্গ কমাতে যা করবেন
অল্প অল্প করে পানি পান করুন
ঠান্ডা পানি, ওআরএস বা লবণ-চিনি মেশানো পানি ধীরে ধীরে পান করুন। পানিশূন্যতা হলে দুর্বলতা দ্রুত বাড়তে পারে।
ধীরে গভীর শ্বাস নিন
উদ্বেগ থেকেও মাথা ঘোরা বা বমিভাব হতে পারে। চোখ বন্ধ করে ধীরে গভীর শ্বাস নিন ও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
ঝুঁকিপূর্ণ পরিবেশ এড়িয়ে চলুনসিগারেটের ধোঁয়া, তীব্র গন্ধ বা সরাসরি রোদ থেকে দূরে থাকুন।






























