ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে আরও এক বছর বহাল থাকছেন মোহা. শফিকুল ইসলাম। অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে রাখতে যাচ্ছে সরকার। ছুটিতে না গিয়ে এ দায়িত্বে বাড়তি এক বছর তিনি থাকবেন।
পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগের সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানি থেকে ফেরার পর তিনি সই করলেই এ আদেশ জারি করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, “ফাইলটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। মহামান্য রাষ্ট্রপতি দেশে ফেরার পর আগামী রোববার বা সোমবার নিয়োগের প্রজ্ঞাপন আসতে পারে।”
এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন। সরকারি বিধি অনুযায়ী, বয়স ৫৯ বছর পূর্ণ হতে যাওয়ায় তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ অক্টোবর ৫৯ বছর পূর্ণ হবে শফিকুলের।
এতে আরও বলা হয়, চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০২২ সালের ২৯ অক্টোবর পর্যন্ত শফিকুলকে এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি দেয়া হয়েছে। নতুন প্রজ্ঞাপনে ওই ছুটি বাতিল হবে বলে।
এদিকে ডিএমপি কমিশনার হওয়ার আগে শফিকুল ইসলাম সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।
চাকরি জীবনে শফিকুল পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান (অতিরিক্ত আইজিপি), পুলিশ সদরপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাদারত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদক পান।
শফিকুল ইসলামের জন্ম চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। ১৯৮৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) পাস করেন তিনি।






























