সকাল থেকেই মেঘের গর্জন, চারপাশ কালো হয়ে নেমে এলো বৃষ্টি। প্রচণ্ড গরমে উত্তপ্ত রাজধানী নিমেষেই প্রশান্ত হয়ে গেল। বৃষ্টির রিমঝিম শব্দ আর হালকা শীতল বাতাসে প্রশান্তি পেল রাজধানীবাসীর মন।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় অঝোরে বৃষ্টি নামে রাজধানীর বুকে। টানা বৃষ্টিতে সড়কেও জমতে থাকে বৃষ্টির পানি। ভোগান্তি মাথায় নিয়েই কর্মব্যস্ত জীবনে ছুটছে মানুষ। তবু যেন তাপমাত্রা কমায় কিছুটা প্রশান্তি পেয়েছে নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগর উত্তপ্ত থাকায় অক্টোবর মাসে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সমুদ্রে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপের একটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ু স্বাভাবিকের চেয়ে দুর্বল থাকায় এই বছর বর্ষায় বৃষ্টি কম হয়েছে। মৌসুমি বায়ুও মাসের মাঝামাঝি সময়ে বিদায় নিতে পারে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণেই মূলত বৃষ্টি হবে।
এদিকে স্থল লঘুচাপের কারণে দেশের উত্তরাঞ্চলসহ অর্ধেকের বেশি এলাকাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
সোমবার সৈয়দপুরে সর্বোচ্চ ২৪৬ মিলিমিটার বৃষ্টি হয় এবং রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।
উত্তরাঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট বিভাগসহ উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।






























