একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের বিভিন্ন স্থানে এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বারবার এমন ঘটনা ঘটাচ্ছে, যা ভোটের পরিবেশকে প্রভাবিত করছে।
বৃহস্পতিবার সকালে তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভোট সংখ্যা যত বাড়বে, আমরা বিশ্বাস করি সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি জনগণের বিরূপ ধারণা তৈরি হবে।”
নির্দিষ্ট করে কারও নাম না তুলে তিনি বলেন, “তারা বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বা অনৈতিক কাজ করছে। কাজেই তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে।”
গত রাতে বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “এগুলো কাম্য নয়।”
ভোট গণনায় দেরি হওয়ার আশঙ্কা নিয়ে তিনি বলেন, “ভোট গণনা কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। সমগ্র দেশের মানুষ ভোট দিয়েছে, তারা ফল দ্রুত জানতে চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন দ্রুত ফল প্রকাশ করবে।”
নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, “নির্বাচন যদি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, বিতর্কহীন হয়, তাহলে সব দলই ফল মেনে নেবে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হলে, তা কেউ মেনে নেবে না।”






























