ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান।
এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে।
১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে। আমার কাছে যে খবর, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।
তিনি বলেন, আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
ওয়াকার-উজ-জামান বলেন, ইনশাআল্লাহ, আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সফল হব।
সাংবাদিকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপানারা মিডিয়ার যারা ভোট দিতে পারেননি তারাও খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আপনারা সারাদেশের খবর দিচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সারা দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।






























