ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তুলেছেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রেলওয়ে কলোনি কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।”
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দল দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি।
এদিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।






























