সিগনেচার


মিলু শামস
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:৩৩ পিএম
সিগনেচার

ব্যাংকের ভল্টে মূল্যবান দস্তাবেজ রাখার মতো
এখানে অনেক দুপুর গচ্ছিত রেখেছিল তারা
তারা এসেছিল দূর দূর অঞ্চল থেকে
ফিরেছেও ভিন্ন গন্তব্যে
দুপুরগুলো শুধু অভিন্ন আলোক রেখায়
গেঁথেছিল, সংগ্রাম ও দ্রোহে স্বপ্ন ও সিদ্ধান্তে
সংশয়াতীত নির্মল জীবন
সাতঘড়া মোহরের মতো রেখে গিয়েছিল।

এ ছিল তাদের উত্থান পর্বের সিগনেচার
সোনালি পালকে চড়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে
এরপর ছড়িয়ে যায়
সুশোভন বিকেলের দিকে
সায়াহ্নে একদিন ফেরা যাবে
এই সব দুপুরের কাছে
উদ্যানে ঝুলে থাকা
বৃক্ষের শাখা ও কাণ্ডে অবিচল—
এই ছিল অভিলাষ।

সময়ের ত্বকে শত ছিদ্র ফুঁড়ে
বেরিয়ে এলে লোমশ হাত, নখ-দন্ত ও জিব ক্রমশ
দুপুরের আলয় কেঁপে ওঠে একদিন
ঝড় ওঠে অগ্নি ও নৈঋতে

তারপর—
দুপুরগুলো ঝর ঝর ঝরে পড়ে
বৃক্ষের চোখে জল হয়ে।

Link copied!