তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৫০ পিএম
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’

প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এক কঠিন শপথ নেন প্রেমিক জোভান— আর সেই শপথ ঘিরেই এগিয়ে যায় নাটক ‘কসম’-এর গল্প।

গল্পের কেন্দ্রে রয়েছে পারিবারিক টানাপোড়েন ও প্রেমের গভীর টান। একদিকে পরিবারের জটিল সমীকরণ, অন্যদিকে জীবন-মৃত্যুর সংকটে দাঁড়িয়ে প্রেমিকা। সব মিলিয়ে নাটকটি গড়ে উঠেছে টানটান উত্তেজনা আর আবেগঘন মুহূর্তে। এমন ক্লাইম্যাক্সধর্মী গল্প এখন খুব কমই দেখা যায়।

আসছে ঈদে জোভান-তটিনী জুটিকে নিয়ে নির্মিত এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। চিত্রগ্রহণ করেছেন নাঈম ফুয়াদ।

সিএমভি’র ব্যানারে নির্মিত ‘কসম’ নাটকে দেখা যাবে, প্রেমিকা তটিনীর প্রাণ রক্ষায় জোভান এমন এক কসম করেন, যার ফলাফল তৈরি করে অপ্রত্যাশিত ও চমকপ্রদ পরিস্থিতি। নির্মাতা জানান, গল্পে একাধিক মোড় রয়েছে, যেখানে প্রেম ও পারিবারিক সম্পর্কের জটিল দিকগুলো ফুটে উঠবে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের ঈদ উপলক্ষে তারা ২০টি বিশেষ নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন। প্রেম ও পারিবারিক আবহের গল্পই প্রাধান্য পাচ্ছে সেই তালিকায়, যার মধ্যে ‘কসম’ অন্যতম।

নাটকটি মুক্তি পাবে আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Link copied!