আজ শুভ মহালয়া। দেবীদুর্গাকে মত্যলোকে আগমনের আমন্ত্রণ জানিয়ে ভক্তরা দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু করবেন। এরই মধ্যে বাড়িতে বাড়িতে চলছে পূজার প্রস্তুতি। খাবারে থাকবে নানা আয়োজন। নাড়ু-লাড্ডুসহ বিভিন্ন মিষ্টি পদ থাকবে তালিকার শীর্ষে। মিষ্টি ও মুখরোচক এসব খাবার ছোট-বড় সবার কাছেই বেশ প্রিয়।
বহু বছর ধরেই গ্রামে-শহরে বাঙালির উত্সবের প্রিয় খাবার নাড়ু-লাড্ডু। পূজায় মিষ্টিমুখ করতে নাড়ু-লাড্ডুর রেসিপি নিয়ে থাকছে আজকের আয়োজন_

আফগানি ‘মালিদা’ নাড়ু
যা যা লাগবে_
- আটার রুটি-৮ টি (মাঝারি আকারের)
- গুঁড় -১/৪ কাপ (কুচি করে কাটা)
- এলাচ গুঁড়ো -১/২ চা চামচ
- বাদাম- ১/২ কাপ
- খেজুর - ১/৪ কাপ (কুঁচি করে কাটা)
- ঘি- (২ টেবিল চামচ)
যেভাবে বানাবেন_
প্রথমে রুটিগুলো ভালো করে ছিঁড়ে ছোটো টুকরো করে নিন। এরপর একটি গ্রাইন্ডার দিয়ে রুটি আরও ছোটো করে গুঁড়ো করে নিন। বাদাম গ্রাইন্ডারে দিয়ে হালকা ভেঙে নিন। একটি বাটিতে বাদামগুঁড়ো, খেজুর কুঁচি, এলাচ গুঁড়ো এবং গুঁড় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন। একটি প্যানে অল্প আঁচে ঘি দিয়ে গলিয়ে নিন। হালকা গরম হলে রুটি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। ৫-৭ মিনিট ভাজুন। রুটির গুঁড়ো একটু মুচমুচে করে নিন। ভাজা হলে রুটির মিশ্রণটি বাদাম-গুঁড়ের মিশ্রণে দিয়ে দিন। এবার তা ভালো করে মেখে নিন। আঠালো নরম ডো হলে ছোটো ভাগ করে নাড়ুর মতো তৈরি করুন। কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নারকেল নাড়ু
যা যা লাগবে_
- নারকেল- ২টি (কোরানো)
- খেজুরের গুড়- ১/২ কেজি
- এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ
- তেজপাতা- ১ টি
- লবণ- ১ চিমটি
- দারুচিনি- (কয়েকটি)
যেভাবে বানাবেন_
প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিন। ননস্টিকি প্যান হলে নাড়ু সুন্দর হবে। কোরানো নারকেল ও গুড় ভালো করে মিশিয়ে কড়াইয়ে দিন। দারুচিনি, তেজপাতা, এলাচ গুঁড়ো ও লবণ দিয়ে দিন। এরপর কড়াইয়ে ভাজতে থাকুন। সারাক্ষণ নাড়ুন। যাতে তলায় লেগে না যায়। নরম ও আঠালো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। হাতের তালুতে অল্প ঘি মেখে নিন। সহনীয় গরম থাকা অবস্থায় নারিকেলের মিশ্রণটি থেকে ছোট বলের মতো গোলাকৃতি করে নিন। চাল ভাজার মিহি করে গুঁড়ো করে এতে নাড়ুগুলো গড়িয়ে নিন। ঠাণ্ডা হলে শক্ত হয়ে যাবে। এবার মুখবন্ধ পাত্রে রেখে দিন।

তিলের নাড়ু
যা যা লাগবে_
- তিল-১ কাপ
- গুড়- ১ কাপ
- পানি- আধা কাপ
- বাদাম ভাজা- পরিমাণমতো।
যেভাবে বানাবেন_
প্রথমে চুলায় তিল হালকা করে ভেজে নিন নামিয়ে নিন। এরপর সেই পাত্রে পানি ও গুড় দিয়ে চুলায় ফুটিয়ে নিন। মিশ্রণ ঘন হয়ে এলে তিল ও বাদাম দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে নামিয়ে নিন। হালকা গরম থাকা অবস্থায় গোল করে নাড়ৃ বানিয়ে ফেলুন। গরম বানানোর জন্যে ঠাণ্ডা পানি দিয়ে মাঝে মধ্যে হাত ভিজিয়ে নিতে পারেন। হাতে আঠা আঠা ভাব লেগে থাকবে না। ঠাণ্ডা হলে কাঁচের বয়ামে ভরে রাখুন।

চিড়ার নাড়ু
যা যা লাগবে_
- চিড়া- আধা কেজি
- খেজুরের গুড়- ৮০০ গ্রাম
- এলাচ গুঁড়া- ৫টি
- ঘি- ১ টেবিল চামচ
যেভাবে বানাবেন_
চিড়া ভালোভাবে ভেজে নিন। গুড়ে সামান্য পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে এলাচ গুঁড়া ছেড়ে নাড়ুন। ঘন হলে চিড়া দিয়ে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিন। হাতে ঘি মেখে হালকা গরম অবস্থায় নাড়ু গোলাকার করে বানিয়ে নিন।

সুজির নাড়ু
যা যা লাগবে_
- সুজি-২৫০ গ্রাম
- চিনি-২৫০ গ্রাম
- নারকেল- ১টি (কোরানো)
- ঘি- ১ টেবিল চামচ
- ক্ষীরসা- ২ কাপ
যেভাবে বানাবেন_
চুলায় ঘি দিয়ে সুজি ভালোভাবে ভেজে ঠাণ্ডা করে নিন। কোরানো নারকেলে চিনি দিয়ে মাঝারি আঁচে নেড়ে জ্বাল দিন। এটি ঠাণ্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার নারকেলে সুজি ও পরিমাণমতো ক্ষীরসা, এলাচ গুঁড়া একসঙ্গে মাখতে হবে। শুকনা হয়ে গেলে সামান্য পরিমাণ ঘি ও আরও একটু ক্ষীরসা দিতে পারেন। হাতের তালুতে নিয়ে নাড়ু বানিয়ে নিন।








































