এখনো বহু প্রশ্নের উত্তর বাকি : মেলিন্ডা

এপস্টেইনের সঙ্গে সময় কাটানোয় অনুতপ্ত বিল গেটস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৫৪ পিএম
এপস্টেইনের সঙ্গে সময় কাটানোয় অনুতপ্ত বিল গেটস

দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের’ জন্য অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে এপস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি বলে মন্তব্য করেছেন গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন–সংক্রান্ত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করে। এসব নথিতে বহু প্রভাবশালী ও বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক, ই–মেইল যোগাযোগ, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত ছবির তথ্য উঠে এসেছে।

প্রকাশিত নথির মধ্যে থাকা একটি খসড়া ই–মেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। তবে গেটস এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস জানান, তিনি ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে প্রথম দেখা করেন এবং পরবর্তী তিন বছরে কয়েকবার তাঁর সঙ্গে ডিনারে অংশ নেন। তবে তিনি কখনোই এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি কিংবা নারীদের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্কে জড়াননি বলে দাবি করেন।

নথিতে এপস্টেইনের লেখায় দাবি করা হয়, গেটসের সঙ্গে তাঁর সম্পর্কের অংশ হিসেবে তিনি মাদক সংগ্রহে সহায়তা, রুশ নারীদের সঙ্গে যৌন সম্পর্কের পর উদ্ভূত পরিস্থিতি সামলানো এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করার ভূমিকা পালন করেছিলেন।

এ বিষয়ে গেটস বলেন, ‘আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত। এটি ছিল আমার বড় ভুল, এবং আমি এর জন্য ক্ষমা চাইছি।’
তিনি আরও বলেন, ‘যে ই–মেইলের কথা বলা হচ্ছে, সেটি কখনো পাঠানো হয়নি এবং সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি জানি না, তিনি কী উদ্দেশ্যে এমন কথা লিখেছিলেন।’

এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের পর বিল গেটসের একজন মুখপাত্রও এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এপস্টেইন গেটসের সঙ্গে সম্পর্ক গভীর করতে ব্যর্থ হয়ে হতাশ ছিলেন এবং মানুষকে ফাঁদে ফেলে বদনাম করতে পিছপা হতেন না। উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন।

এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার মধ্যে মুখ খুলেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব নথি প্রকাশ তাঁর জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে।

মেলিন্ডা বলেন, ‘এই বিষয়গুলোর বিস্তারিত যখনই সামনে আসে, তখন তা আমার জন্য মানসিকভাবে খুব কঠিন হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘এখনো যেসব প্রশ্ন রয়ে গেছে, সেগুলোর উত্তর আমাকে নয়—সংশ্লিষ্ট ব্যক্তিদের কিংবা আমার সাবেক স্বামীকেই দিতে হবে।’

বিল গেটস আরও দাবি করেন, এপস্টেইনের সঙ্গে তাঁর আলোচনার মূল বিষয় ছিল বৈশ্বিক স্বাস্থ্য খাতে ধনী ব্যক্তিদের অনুদান আনার সম্ভাবনা। তবে পেছনে ফিরে তাকালে তিনি মনে করেন, সেসব আলোচনা বাস্তবে কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!