বিজেপি জাতীয় কমিটিতে মিঠুন ও হেমা মালিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৮:০২ পিএম
বিজেপি জাতীয় কমিটিতে মিঠুন ও হেমা মালিনী

ভারতের কেন্দ্রীয় দল বিজেপির জাতীয় কমিটি ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

আনন্দবাজার জানায়, কমিটিতে স্থান পেয়েছেন তৃণমূল থেকে আসা তিন নেতা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের সাংসদ দীনেশ ত্রিবেদী ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই কমিটিতে। একই সঙ্গে এসেছে সাবেক সাংসদ ও তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম।

বিজেপির কাঠামো অনুযায়ী দলের অন্যতম প্রধান কমিটি এটি। এর উপরে ১২ সদস্যের সংসদীয় বোর্ড রয়েছে। দলের নীতিগত সিদ্ধান্ত বোর্ডের সদস্যরাই নিয়ে থাকেন।

বিজেপির জাতীয় কমিটিতে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, রাজনাথ সিংহ, অমিত শাহ, নিতিন গডকড়ী, পীযূষ গয়ালসহ অনেকেই। একইসঙ্গে ৩০৯ সদস্যের এই তালিকায় স্থান পেয়েছেন মিঠুন ও অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। 

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে যোগ দিয়ে ব্যাপক সাড়া ফেলেন মিঠুন। যদিও এবার মনোনয়ন পাননি তিনি। নতুন কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে কমিটিতে স্থান পেয়েছেন দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, মুকুটমণি অধিকারী, ভারতী ঘোষ ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

Link copied!