কয়েক সপ্তাহের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে এবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কারও কোনো উদ্বেগ নেই।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল বরাবর সমুদ্রে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর জানায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
তবে আগের দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এবার উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘকে জানান, আত্মরক্ষার স্বার্থে পিয়ংইংয়ের অস্ত্র পরীক্ষার অধিকার রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে অবগত আছে তারা। তবে এটি মার্কিন সৈন্য বা মিত্রদের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি।
কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং জানান, কোরিয়ান যুদ্ধ অবসানের তারাও আগ্রহী। তবে তার আগে সিউলকে শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করতে হবে।
তাই ধারণা করা হচ্ছে, সম্পর্ক উন্নয়নের খাতিরেই এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।







































