চীন-রাশিয়ার সমর্থন সত্ত্বেও ভারতের বাধায় ব্রিকসের বাইরে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:২২ পিএম
চীন-রাশিয়ার সমর্থন সত্ত্বেও ভারতের বাধায় ব্রিকসের বাইরে পাকিস্তান

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দেওয়ার জন্য পাকিস্তান ২০২৩ সালে আবেদন করলেও ভারতের বিরোধিতার কারণে তা এখনো আটকে আছে।

গত বছর মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে জোটটি ‘ব্রিকস প্লাস’ হিসেবে সম্প্রসারিত হলেও নয়াদিল্লির অনড় অবস্থানের কারণে ইসলামাবাদ এখনো এই জোটের বাইরেই রয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তীব্র অর্থনৈতিক সংকট কাটানো এবং অর্থায়নের উৎস বহুমুখী করার লক্ষ্যেই মূলত ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তান। দেশটির অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, বর্তমান জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৭০ শতাংশ।

জাপানি সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’ জানিয়েছে, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওপর নির্ভরতা কমাতে ব্রিকস-সমর্থিত ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এ (এনডিবি) ইতিমধ্যে ৫৮ কোটি ডলার সমপরিমাণ অর্থের শেয়ার কিনেছে পাকিস্তান। বর্তমানে যে ২৯টি দেশ ব্রিকসের সদস্য হতে আগ্রহী, পাকিস্তান তাদের মধ্যে অন্যতম।

ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) বিবেচনায় সম্প্রসারিত এই জোট বর্তমানে বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ এবং মোট জিডিপির ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করছে।

অন্যদিকে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্যও ৪৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ব্রিকসের এমন প্রভাব বাড়ার প্রেক্ষাপটেই গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে সদস্যপদের আবেদন করে পাকিস্তান।

সে সময় দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছিলেন, অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয়তার প্রতি অঙ্গীকার অনুযায়ী ব্রিকস পাকিস্তানের আবেদনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তাঁরা আশাবাদী।

এ ছাড়া রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালিও রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সদস্যপদ পেতে মস্কোর সমর্থন চাওয়ার কথা জানিয়েছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সদস্যপদের ব্যাপারে মস্কো ও বেইজিংয়ের সমর্থন থাকলেও ভারতের বিরোধিতাই এখন ‘দুর্ভেদ্য বাধা’ হয়ে দাঁড়িয়েছে।

ব্রিকসের নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ সদস্য বা অংশীদার হিসেবে নতুন কোনো দেশকে জোটে অন্তর্ভুক্ত করতে হলে বর্তমান সব সদস্যদেশের সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। আর এই নিয়মের কারণেই পাকিস্তানের ব্রিকস-স্বপ্ন আপাতত আটকে আছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!