বিরোধী জোটের লংমার্চের সমালোচনা করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘যারা গ্যাস নেই, বিদ্যুৎ নেই বলে লংমার্চ করছেন, এটা কী হিসেবে জায়েজ? সরকারের প্রথম দিন থেকে এই ছয় মাসে এমন কোনো দিন নেই, যেদিন তারা প্রতিবাদ বা আন্দোলনের হুংকার দেননি।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র্যালির শুরুতে তিনি এসব কথা বলেন।
লংমার্চে ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সমালোচনা করে এ্যানি বলেন, ‘লংমার্চে গিয়ে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে কথা বলেন। স্লোগান দেন—হৈহৈ রৈরৈ, এরা (ছাত্রদল-যুবদল) গেলি কই। এটা হলো পাটওয়ারী সাহেবদের বক্তব্য, আমাদের আমির সাহেবের বক্তব্য।’ তিনি অভিযোগ করেন, ‘আমির সাহেবের নেতৃত্বেই এ সমস্ত অশালীন, অশ্লীল বক্তব্যগুলো রাজনীতিতে আসছে। যেগুলো রাজনীতির সঙ্গে যায় না।’
এ সময় জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, ‘সংসদে আমির সাহেব বলেছেন—আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি, কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে। এটাও বলেছেন, কোন ইতর এ সমস্ত অপকর্ম করেছে, তাদের গ্রেপ্তারের জন্য তিনি আবেদন জানিয়েছেন।’
এ্যানি বলেন, ‘পাটওয়ারী সাহেব আমাদের সবাইকে তুই করে অশ্লীল-অশালীন ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমাদের আমির সাহেব অথবা আমির সাহেবের সঙ্গে এখন বিরোধী দলের ঐক্যবদ্ধ হয়েছেন, তারা তাকে কি বারণ করেছিলেন?’
তিনি আরও বলেন, ‘একটা ছেলে এমন গালিগালাজ করল, অথচ আমির সাহেব বললেন—ভালোয় ভালোয় ছেড়ে দেন। সংসদে বললেন কী, আর আজকে লংমার্চে বললেন কী?’
ধ্বংসস্তূপের মধ্যে বিএনপি দেশের দায়িত্ব নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এখনো তুষের আগুনে জ্বলছি আমরা। ইচ্ছে থাকলেও ছয় মাসের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব নয়। কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের সংকট রয়েছে।
বিরোধীদের উদ্দেশে এ্যানি বলেন, ‘আপনারা সংসদে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাইরে এলে চেহারাটা ৭১-এর সময়ের রূপ ধারণ করে।’
লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে আয়োজিত র্যালিতে সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সদর (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































