বহুপক্ষীয় ব্যবস্থা, আরো বহুমেরুকেন্দ্রিক বিশ্ব, উন্নয়নশীল দেশগুলোর জন্য বৃহত্তর প্রতিনিধিত্ব ও বৈশ্বিক বাণিজ্য আরো উন্মুক্ত করার মতো বিষয়গুলো ভারতের পররাষ্ট্রনীতির অনেক অগ্রাধিকার ব্রিকসের বৃহত্তর লক্ষ্যগুলোর খুব কাছাকাছি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শুরু হবে দুদিনের ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনের আয়োজক ভারত ছাড়াও চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইরানসহ ব্রিকসের ১১টি দেশের নেতারা এ সম্মেলনে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। এবারের সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে সৌদি আরব অংশ নিচ্ছে। গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ একাধিক রাষ্ট্রনেতা ভারতে পৌঁছেছেন।
ব্রিকস দেশগুলোতে রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার ৪৯ শতাংশ, বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ২৬ শতাংশ দখল করে আছে। ব্রিকসের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠা। ব্যাংকটি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে কয়েক বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। এসব প্রকল্পের অনেকগুলোই বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে। আর্থিক সংকটে পড়া সদস্য দেশগুলোকে সহায়তা দিতে ব্রিকস ১০ হাজার কোটি ডলারের একটি জরুরি রিজার্ভ ব্যবস্থাও গড়ে তুলেছে।
জোটের সদস্যরা সম্মিলিতভাবে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের দাবি জানাতে পারে। অনেক উন্নয়নশীল দেশের ধারণা, এসব প্রতিষ্ঠান বর্তমান বৈশ্বিক ব্যবস্থার বাস্তব চিত্র যথাযথভাবে তুলে ধরে না।
বহুপক্ষীয় ব্যবস্থা, আরো বহুমেরুকেন্দ্রিক বিশ্ব, উন্নয়নশীল দেশগুলোর জন্য বৃহত্তর প্রতিনিধিত্ব ও বৈশ্বিক বাণিজ্য আরো উন্মুক্ত করার মতো বিষয়গুলো ভারতের পররাষ্ট্রনীতির অনেক অগ্রাধিকার ব্রিকসের বৃহত্তর লক্ষ্যগুলোর খুব কাছাকাছি।
ব্রিকস সম্মেলন শুরুর আগে গতকাল দফায় দফায় পার্শ্ববৈঠক সারলেন নরেন্দ্র মোদি। দ্বিপক্ষীয় আলোচনা সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে। এ দুই রাষ্ট্রই বর্তমানে যুক্তরাষ্ট্রের দুই প্রধান ‘প্রতিপক্ষ’। পুতিনের সঙ্গে মোদির বৈঠকে অর্থনীতি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি আলোচনা হলো জ্বালানি নিয়েও। পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানের প্রেসিডেন্ট পেজ়েশকিয়ানের সঙ্গেও পৃথক বৈঠক সারেন মোদি। প্রত্যাশিতভাবেই বৈঠকে উঠে আসে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা। পণ্যবাহী জাহাজের নাবিকদের নিরাপত্তার কথাও উঠে আসে।
এবার ব্রিকস শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হবে। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। এ বৈঠকে নজর থাকছে সবার।



































