ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:২৭ পিএম
ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে অন্তত ৫ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষই রয়েছেন। এ ছাড়া এই দীর্ঘ যুদ্ধে আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ মানুষ।

শুক্রবার যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থার প্রস্তুত করা এক প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন এসব দাবি করেছেন।

সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন জানান, হতাহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। প্রাণহানির এসব ঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি মাসের পর থেকে।

যুক্তরাজ্যের এই শীর্ষ সামরিক কর্মকর্তা উল্লেখ করেন, এত বিপুলসংখ্যক মানুষের প্রাণের বিনিময়ে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধনীতির সমালোচনা করে রিচ নাইটন বলেন, ‘পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন ও বৃথা অপচয় হচ্ছে, তা এই সংখ্যাই আমাদের চোখের সামনে তুলে ধরছে।’

তিনি আরও বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে রাশিয়ার অন্তত পাঁচ লাখ বিষণ্ণ ও অন্ধকার বাড়ির দেয়ালে এখন নিহত সেনাদের ছবি ঝুলছে। এই পাঁচ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে আর কখনোই দেখতে পাবে না।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!