রাজধানীতে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:৩৩ পিএম
রাজধানীতে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরা ও ভাটারা এলাকা থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত চীনা নাগরিকরা হলেন— লি শিংচিয়াং ও ঝাও চাওইউয়ে।

এর মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে শিংচিয়াংয়ের মরদেহ উদ্ধার করা হয়। আর হোটেল মরিনোতে অসুস্থ হয়ে পড়ায় ঝাও চাওইউয়েকে এভারকেয়ার হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয় তার।

শনিবার (৫ সেপ্টেম্বর) মরদেহ দুটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর।

ওসি খালিদ জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপান থেকে শিংচিয়াংয়ের মৃত্যু ঘটে থাকতে পারে। বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালের ৯০৫ নম্বর কক্ষে তার মরদেহ পড়েছিল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং মদের গন্ধ পাওয়া যাচ্ছিল।

তিনি আরও জানান, একই হোটেলের পাশের দুইটি কক্ষে আরও তিনজন চীনা নাগরিক ছিলেন। গত শুক্রবার তারা একসঙ্গে ওই হোটেলে উঠেছিলেন।

এদিকে ঝাও চাওইউয়ে হোটেল মেরিনোতে অসুস্থ হয়ে পড়লে তাকে ভাটারা থানাধীন এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান আরেক চীনা নাগরিক শিয়া আছিং। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানালেন ওসি।

খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

Link copied!