শাবনূরের বারবিকিউ পার্টিতে তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:৩৭ পিএম
শাবনূরের বারবিকিউ পার্টিতে তাসকিন

সম্প্রতি অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। সিডনিতে অবস্থানকালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে দেখা হয়েছে তার। শুধু দেখা নয়, শাবনূরের পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতেও সময় কাটিয়েছেন এই ক্রিকেটার। সেই আড্ডার মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দুজনই।

এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল। তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

শাবনূরের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতাও সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাসকিন। অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সন্ধ্যাটা ছিল দারুণ সুন্দর, আর ছিল বারবিকিউয়ের রাত। আমাদের আপ্যায়ন করার জন্য শাবনূর আপু ও তার পরিবারের প্রতি অনেক ধন্যবাদ।’

বাংলাদেশি চলচ্চিত্রের দর্শকদের কাছে শাবনূর নব্বই দশক ও দুই হাজার দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা। ১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিশেষ করে সালমান শাহ, রিয়াজ, ফেরদৌসসহ শীর্ষ অভিনেতাদের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি ঢালিউডের ইতিহাসে অন্যতম আলোচিত জুটি হিসেবে বিবেচিত হয়।‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘বিক্ষোভ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে ফিরলেও, বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন, পরিবার ও কাজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার সেই সামাজিক মাধ্যমের পোস্টের সূত্রেই সামনে এলো বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ তাসকিন আহমেদের সঙ্গে তার এই পারিবারিক আড্ডার খবর।
 

Link copied!