পেঁপের বীজ ফেলবেন না, জেনে নিন স্বাস্থ্য উপকারিতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৪৭ পিএম
পেঁপের বীজ ফেলবেন না, জেনে নিন স্বাস্থ্য উপকারিতা

পেঁপে খাওয়ার সময় অনেকেই বীজগুলো ফেলে দেন। কিন্তু এই ছোট কালো বীজ স্বাস্থ্যগুণে ভরপুর এবং যেকোনো সুপারফুডের সমতুল্য।

ডায়েটিশিয়ান ও হেলথ কোচ বিধি চাওলা জানান, পেঁপের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন। এছাড়া জিঙ্ক, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায় এতে। পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই বীজ শরীরকে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।

ওজন কমাতে কার্যকর

যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের খাদ্যতালিকায় পেঁপের বীজ যোগ করা উপকারী হতে পারে। এতে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং দীর্ঘসময় পেট ভরা রাখে। ফলে ঘন ঘন খাওয়ার প্রবণতা কমে এবং ক্যালোরি নিয়ন্ত্রণ সহজ হয়। গবেষণায় প্রমাণিত হয়েছে, উচ্চ ফাইবারযুক্ত খাবার ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে

আমাদের অন্ত্রে থাকা কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া রোগপ্রতিরোধ ক্ষমতা, হজম এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পেঁপের বীজে থাকা 'কারপেইন' নামক উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অন্ত্রের কৃমি দূর করতে কাজ করে। এর ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফোলাভাব ও হজমের সমস্যা কমে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক

হৃদযন্ত্রের সুস্থতার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। পেঁপের বীজে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বজায় রাখতে সহায়তা করে। এতে থাকা ওলেইক অ্যাসিডও হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী।

পিরিয়ডের ব্যথা কমাতে পারে

অনেক নারী ঋতুচক্রের সময় তীব্র ব্যথায় ভোগেন। পেঁপের বীজে থাকা ক্যারোটেনয়েডস ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। কিছু রিপোর্ট অনুযায়ী, এটি পিরিয়ডের ব্যথা কমাতেও সহায়ক হতে পারে, তবে এ বিষয়ে আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।

ফুড পয়জনিং থেকে রক্ষা করে

পেঁপের বীজে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ই. কোলাইয়ের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এই কারণে ফুড পয়জনিং সংক্রান্ত সমস্যায় একে প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় এই বীজ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সমর্থন করে। নিয়মিত কিন্তু পরিমিত মাত্রায় খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

সঠিক উপায়ে খাবেন যেভাবে

পেঁপের বীজ খাওয়ার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। রোদে শুকিয়ে গুঁড়ো করে স্যালাডে ছড়িয়ে দিতে পারেন। দই বা সসের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। হালকা ঝাঁঝালো স্বাদের কারণে অনেকে গোলমরিচের বিকল্প হিসেবেও ব্যবহার করেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দিনে এক টেবিল চামচ পর্যন্ত পেঁপের বীজ খাওয়াই যথেষ্ট। অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে, তাই পরিমিত মাত্রায় খাওয়া জরুরি।

Link copied!