শিগগিরই শুটিংয়ে ফিরছেন দীঘি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৪৮ পিএম
শিগগিরই শুটিংয়ে ফিরছেন দীঘি

জনপ্রিয় মডেল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর নায়িকা তিনি। চলচ্চিত্র, ওয়েব ফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। দীঘি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল। এরপর আবারও ‘বিদায়’ নামের নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছিলেন তিনি।

মূলত চলতি বছরের ঈদুল ফিতরেই ‘বিদায়’ মুক্তির পরিকল্পনা ছিল। তবে শুটিং সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে মুক্তি থেকে সরে যায় সিনেমাটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটির কাজ শুরু হওয়ার পর থেকেই এটি নিয়ে আলোচনা ছিল। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুটিংও শুরু হয়, তবে নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি নির্মাতা। একই সময়ে নির্মাতা তার আরেকটি চলচ্চিত্র ‘রাক্ষস’র কাজ নিয়েও ব্যস্ত ছিলেন, এই সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়।

এবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই দীঘি অভিনীত ‘বিদায়’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। বিশেষ করে মালয়েশিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজের পাশাপাশি একটি গানের শুটিংও হবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি প্রায় নিশ্চিত।

এই সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘বিদায়’ এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়- মনে রাখার মতো। এতে আবেগ আর বাস্তবতার সুন্দর মিশেল আছে। দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি বিশ্বাস করি, সিনেমা শেষ হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে থেকে যাবে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। সিনেমাটিতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

 

Link copied!