লিভার ভালো রাখতে প্রথমেই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি, বিশেষ করে ফ্যাটি লিভারের ক্ষেত্রে। উচ্চ ক্যালরিযুক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাট এবং পরিশোধিত কার্বোহাইড্রেট—যেমন সাদা পাউরুটি, পাস্তা ও অতিরিক্ত চিনি কম খাওয়া উচিত। কাঁচা বা আধা সেদ্ধ মাছ ও মাংস খাওয়া থেকে বিরত থাকা ভালো। প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা ফল, শাকসবজি, লাল চাল ও বিভিন্ন ধরনের সিরিয়াল রাখা উপকারী।
কিছু খাবার লিভারের জন্য বিশেষভাবে ভালো। যেমন রসুন, জাম্বুরা, গাজর, গ্রিন টি, অ্যাভোকাডো, আপেল, অলিভ অয়েল, লেবু, বাঁধাকপি ও হলুদ।
নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে লিভার সুস্থ থাকে। পাশাপাশি টক্সিন বা ক্ষতিকর রাসায়নিক থেকে দূরে থাকা জরুরি, কারণ এগুলো লিভারের কোষ নষ্ট করতে পারে। পোকামাকড়নাশক বা অন্যান্য রাসায়নিক ব্যবহারের সময় সতর্ক থাকা এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করা উচিত।
ব্যক্তিগত ব্যবহার্য জিনিস যেমন রেজর, দাঁতের ব্রাশ বা নেইল কাটার অন্যের সঙ্গে ভাগাভাগি করা উচিত নয়। হেপাটাইটিস ‘এ’ ও ‘বি’ প্রতিরোধের জন্য টিকা নেয়া গুরুত্বপূর্ণ। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা থেকে বিরত থাকাই নিরাপদ।





























