আশা ভোঁসলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়লেন রুনা লায়লা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৩৪ এএম
আশা ভোঁসলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়লেন রুনা লায়লা

উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি বলেন, “মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।”

তিনি আরও বলেন, “পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না।”

ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে রুনা লায়লা জানান, আশা ভোঁসলে তাকে মায়ের মতো স্নেহ করতেন। তিনি বলেন, “আমার শেষ দেখা হয়েছিল একটি গানের রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব, আজ করব, কাল করব। আর করা হলো না।”

কণ্ঠে আক্ষেপের সুর নিয়ে তিনি বলেন, “যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।”
আশা ভোঁসলের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান তাকে অমর করে রাখবে বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা।


 

Link copied!