গর্ভকালে চিকিৎসকরা যে খাবারগুলো খাওয়ার পরামর্শ সবচেয়ে বেশি দিয়ে থাকেন, তার মধ্যে আয়রনযুক্ত খাবার অন্যতম।
কারণ এ সময় মায়ের শরীরে অতিরিক্ত রক্ত তৈরি হয় এবং গর্ভের শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আয়রন অত্যন্ত প্রয়োজন।
আয়রনের প্রয়োজনীয়তা
হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক: আয়রন হিমোগ্লোবিন তৈরির প্রধান উপাদান। হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেয়। গর্ভাবস্থায় রক্তের পরিমাণ প্রায় ৩০-৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তাই পর্যাপ্ত আয়রন না থাকলে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) দেখা দিতে পারে।
মায়োগ্লোবিন তৈরিতে ভূমিকা: মায়োগ্লোবিন হলো একটি প্রোটিন, যা পেশিতে অক্সিজেন সরবরাহ করে। আয়রন ছাড়া এটি তৈরি সম্ভব নয়।
শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশ: গর্ভের শিশুর মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং সার্বিক শারীরিক বিকাশের জন্য আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়রনের ঘাটতি হলে শিশুর কম ওজন নিয়ে জন্ম, প্রিম্যাচিউর ডেলিভারি বা বিকাশজনিত সমস্যা দেখা দিতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: আয়রন শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে। ফলে মা সংক্রমণের ঝুঁকি থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত থাকেন।
প্রসবকালীন ঝুঁকি কমায়: প্রসবের সময় রক্তক্ষরণ হলে শরীরে পর্যাপ্ত আয়রন থাকলে জটিলতা কম হওয়ার সম্ভাবনা থাকে।
আয়রনের প্রাকৃতিক উৎস
প্রতিদিনের খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ খাবার রাখা উচিত, যেমন—কলিজা (গরু/মুরগি), লাল মাংস, ডিমের কুসুম, ডাল, ছোলা, মসুর, পালং শাক ও অন্যান্য সবুজ শাকসবজি, কিশমিশ, খেজুর।
বাদাম ও বীজজাতীয় খাবার
ভিটামিন সি (যেমন—লেবু, কমলা) আয়রন শোষণে সাহায্য করে। তাই আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি গ্রহণ করলে উপকার বেশি পাওয়া যায়।
ঝুঁকি
চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত আয়রন গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত আয়রনে হতে পারে—
পেটব্যথা
বমি বমি ভাব
কোষ্ঠকাঠিন্য
গ্যাস ও পেট ফাঁপা
বমি
অনেকের ক্ষেত্রে আয়রন ট্যাবলেট খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের পরে বা নির্দিষ্ট পদ্ধতিতে ওষুধ সেবন করতে হবে। গর্ভাবস্থায় আয়রন শুধু মায়ের জন্য নয়, বরং গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধি ও নিরাপদ প্রসবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিক খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন গ্রহণ করলে মা ও শিশু উভয়ই সুস্থ থাকবে।





























