কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০১:৪৪ পিএম
কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৭

কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন ও তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিচয় পরে বিস্তারিত জানানো হবে।
গত শুক্রবার ঢাকার শ্যামলীতে কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
চাঁদাবাজির ঘটনার খবর গণমাধ্যমে আসার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সিকেডি হাসপাতালে যান। তাঁরা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত শনিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাতে তাঁরা ওই হাসপাতালে যান।
মো. কামরুল ইসলাম শল্যচিকিৎসক। স্বল্প ব্যয়ে তিনি কিডনি প্রতিস্থাপন করেন। করোনা মহামারির সময় সরকারি-বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার প্রায় বন্ধ থাকলেও কিডনি প্রতিস্থাপন বন্ধ রাখেননি তিনি। এক হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি।

Link copied!