সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ বাহিনীর দুটি বিশেষ অভিযান শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:২৯ এএম
সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ বাহিনীর দুটি বিশেষ অভিযান শুরু

সুন্দরবনে বনদস্যুতা দমন ও বন অপরাধ নির্মূলে ‘অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।
রোববার (১২ এপ্রিল) মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দস্যুতা দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গত ১৮ মাসে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় বিভিন্ন অভিযান চালানো হয়েছে। এ সময় ‘করিম-শরীফ’, ‘নানা ভাই’, ‘ছোট সুমন’, ‘আলিফ’ ও ‘আসাবুর’সহ বিভিন্ন বনদস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫৯৯ রাউন্ড তাজা গুলিসহ ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি হরিণ শিকারের ফাঁদসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করা হয় এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, বনদস্যুতা ও বন অপরাধ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। দেশের ১৭টি স্টেশন থেকে একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!