জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের মতোই এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও বেশ সাবলীল এবং স্বতঃস্ফূর্ত। কিছুদিন আগেই অর্থ আত্মসাৎসহ হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল আদালতে। সেই মামলায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন নিয়েছিলেন তিনি। পরে মামলা থেকে আদালত মেহজাবীনকে অব্যাহতি দিয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন সমালোচনার মুখে পড়লেন এই তারকা অভিনেত্রী।
গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন মেহজাবীন চৌধুরী, এমন খবর প্রকাশ করে দেশের একটি গণমাধ্যম। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।
অভিযোগ ওঠে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়। ঘটনাটি পরে গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন মেহজাবীন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে প্রতিক্রিয়া জানিয়ে মেহজাবীন দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।
ফেসবুকে একটি পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’
প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে মেহজাবীন লিখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তার পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্ক নয়।
মেহজাবীনের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ সোজাভাবে দেখলেও, আবার কেউ কেউ মেহজাবীনের এই পোস্টকে একটু বাঁকা চোখেও দেখেছেন। তবে বিষয়টি নিয়ে সংবাদ লেখা পর্যন্ত আদনান আল রাজীব ও শঙ্খদাশ গুপ্ত কোনো মন্তব্য করেননি।





































