পর্তুগালে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা এ সময় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে দূতাবাসের হেড অব চ্যান্সারি (এইচওসি) এস এম গোলাম সারওয়ার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস। সেই আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ আজ বিশ্বজুড়ে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
অনুষ্ঠানে পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও 'কাজা দো বাংলাদেশ'-এর প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন বলেন, প্রবাসের মাটিতেও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা এবং এর চর্চায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একুশের চেতনা আমাদের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ ছড়িয়ে দেবে।







































